জ‍্যোতির্ময় মুখার্জি


বাছা, খাবি আই...


 ক্ষিপ্র:চকিতে।বিড়ালগুলো:আজ×কাল।ল্যাম্প+পোস্টের<ভিতরদিকে>গড়িয়ে।সন্ধ্যার মতো।অর্থ=০।নির্বাসনে।সময়গুলো।চিহ্ন হলে।আরেকটা চিঠি।উড়ে:যাবে।অলসভাবে।নিঃশব্দে।নিপুণভাবে।খালি গায়ে।জানলার ফাঁসে।মাদুর পেতে শুয়ে থাকা মানুষের কাছে।যথাযথ।অস্থিসার।আষ্টেপৃষ্টে।আগোছালো ঘামের মতো:হেমন্তকালীন ছূটুবেলা।স্যাঁতসেঁতে।কালো কালো ধোঁয়া।ভাত বেড়ে:রান্নাঘরের চৌকাঠে।পা-মুড়ে।অপেক্ষা করে মা।এবং সমস্ত ছাদ জুড়ে:একটা দামাল ছেলে।সিঁড়ির খাঁজে ঘুমিয়ে পড়ে



একটি বোকা কবিতা


 আলপিন রাত সমস্ত হেঁসে ওঠা
পুরনো চিঠি স্কুলফেরত টেবিলে হেঁচকি
এলোমেলো আমার বৃষ্টির মতো
পাগলা ছুটছে দুপুরবেলা উপসংহারে
ফাঁকা ট্রেনের কামরা আড়চোখে
দেখে নিলো মেয়েটি
‘কাজলাদি’ হতেও পারতো
বরাবরই সাদা জামা নীল প্যান্ট
হাতফেরত হাতপাখা
একটি বোকা কবিতা
জ‍্যোতির্ময় মুখার্জি জ‍্যোতির্ময় মুখার্জি Reviewed by Unknown on November 07, 2017 Rating: 5

1 comment